|
Page 5 of 5
ব্যবসায়
মানুষ সম্পদ না ক'রে তুই টাকা-স্বার্থী হ'বি যত,
দুঃখ-অভাব-দুর্ব্বিপাকে ততই রে তুই থাকবি রত ৷
প্রয়োজনের সময়টিকে ধরতেই যে পারবে না,
ব্যবসা করা চুলোয় যাবে ব্যয়ে আয় তা'র টিকবে না ৷
মাথার ঘাম পায়ে ফেলে লাভ দেখালে পয়সা মেলে ৷
আসল ভেঙ্গে যে-জন খায় ব্যবসায় সে চুলোয় যায় ৷
ধার যদি দিস্ এমন দিবি লাগবে না গায়ে কোনদিন,
ব্যবসা-পথে চললে এমন হ'বিই নাকো শক্তিহীন ৷
দারিদ্র্য
পয়সার দিকে ঝোঁকটি গেলে কাজের নেশা ছুটবে,
কাজের নেশা টুটলে জানিস দরিদ্র্যতা জুটবে ৷
দারিদ্র্য-ব্যাধি ধরে যত করার দফা নিকেশ তত ৷
ধীটি যখন কুয়াশাভরা বুঝলেও কাজে ফুটল না,
না ক'রে পাওয়ার বুদ্ধি শুধুই বেকারের ওই লক্ষণা ৷
সঙ্গতিহীন কর্জ্জে দান আহাম্মকী অভিমান ৷
নিজে ইষ্টে অটুট থেকে সবায় করিস তুষ্ট,
অভাবেতে আগলে ধ'রে পারলে করিস পুষ্ট;
এই নিয়মে চলিস্ যদি ক্রমেই দেখতে পাবি তুই,
দারিদ্র্য তোর হাঁটু গেড়ে মাথা নুয়ে ছুঁচ্ছে ভুঁই ৷
ব্যবহার
দিতে যে পারে না পাওয়া তা'র ঘটে না ৷
চাকর-বাকর-মজুর প্রতি মেজাজ-চলন যেমনই,
স্বভাবতঃ জানিস্ লোকের প্রকৃতি প্রায় তেমনই ৷
অনুরোধী আবেদনে আদেশ দিতে হয়,
এই স্বভাবের এস্তামালে গায় লোকে তা'র জয় ৷
ইষ্টানুগ সংহতিকে বজায় রেখে সর্ব্বথা,
সব ব্যাপারেই সকল কাজে হিসাব ক'রে ক'স্ কথা ৷
কাউকে যদি বলিস্ কিছু সংশোধনের তরে,
গোপনে তা' বুঝিয়ে বলিস্ সমবেদনা-ভরে ৷ |