|
Page 1 of 5 অনুশ্রুতি
নীতি
না ক'রে যে পেতে চায়
দুঃখ তা'র পিছে ধায়
ভাবে বলে করে না
তা'র কেউ ধারে না
'হাঁ' বলাকে এড়িয়ে চলে
পারার ঝোঁকটি পড়েই ঢ'লে
'না'র সাথে যা'র কোলাকুলি
'না'র বুকেতে পড়েই ঢুলি'
ভাবে কয় করে না
আশা তা'র ফলে না
দোষ-দেখা ঝোঁক গজালে ওরে
সেই দোষেতেই ধরবে তোরে
শূন্যে যা'রা ঝোলে
পড়েই মাটির কোলে
বলায় পটু কাজে কম
নিজেই হয় নিজের যম
স্বভাব-দোষেই অভাব ঘটে
সৎক্রিয়তায় বিভব বটে
সৎক্রিয়তার বাড়া ঝোঁক
নিপাত যাক্ অভাব-রোগ
সন্তানচর্য্যা
মাতৃটানে বৃত্তি কাবু ছেলেপুলের যেইখানে,
সার্থক বৃত্তি সমাহারে স্বতঃ-উন্নতি সেইখানে ৷
ছেলেপুলে দিতে এলেই বাহবা দিয়ে সেইটি নিবি,
সৎদানের প্রবৃত্তিটিরে ঐ তালেতে গজিয়ে দিবি ৷
ইষ্টকথায় সদাচারে ঝালিয়ে দিবি মনের রং,
স্বভাব হবে তেমনি ছেলের চলন-বলন তেমনি ঢং ৷
স্বামী-স্ত্রীতে ঝগড়া করে ছেলেপুলেয় দেখে,
গোল্লায়েরই সদর দ্বারে বাছাগুলোয় রাখে ৷
পিতার উচিত মাতৃভক্তি অটুট থাকে সন্তানের---
ব্যাভার আচার- কথায় তেমনি পুষ্ট করাই মঙ্গলের ৷
শিক্ষা
অভ্যাস, ব্যবহার ভাল যত শিক্ষাও তা'র জানিস্ তত ৷
মুখে জানে ব্যবহারে নাই সেই শিক্ষার মুখে ছাই ৷
শিখলি যে তুই কত-শত বোধ তো কিছুই ফুটল না !
স্মৃতির বলদ্ হ'লি শুধু একমুঠো ভাত জুটল না ?
শিক্ষকের নাই ইষ্টে টান কে জাগাবে ছাত্র প্রাণ ৷
ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে-পদে কুফল মিলে ৷ |